রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট। কচ্ছপিয়ার স্টিল ব্রিজ সংলগ্ন নির্ধারিত স্থানে বসবে এ হাট, যেখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গরু-মহিষ আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপিয়ার পার্শ্ববর্তী ঈদগড়, গর্জনিয়া, কাউয়ারখোপ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার অধিকাংশ মানুষ গরু ও মহিষ পালনের সঙ্গে সম্পৃক্ত। ফলে অন্যান্য এলাকার তুলনায় কচ্ছপিয়া পশুর হাটে তুলনামূলক বেশি সংখ্যক পশু ওঠার সম্ভাবনা রয়েছে। এতে ক্রেতারা যেমন বেশি বিকল্প পাবেন, তেমনি চাহিদা ও বাজেট অনুযায়ী তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পছন্দের গরু মহিষ কেনার সুযোগও থাকবে।
কচ্ছপিয়া পশুর হাটের ইজারাদার মোঃ রফিকুল ইসলাম জানান, কাল থেকে কোরবানির গরুর বাজার শুরু হচ্ছে এবং কোরবানির আগের দিন পর্যন্ত প্রতিদিন পশুর হাট চলবে। এ সময় গরু, মহিষ ও ছাগল বেচাকেনা করা যাবে বলেও তিনি জানান।
স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা জানান, প্রতিবছরের মতো এবারও কচ্ছপিয়ার হাটে উন্নত জাতের গরু ও মহিষ আনা হবে। এতে দূর-দূরান্ত থেকে ক্রেতাদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
হাট সংশ্লিষ্টরা জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে বাজারে প্রয়োজনীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে কোরবানির পশু কেনাবেচায় কচ্ছপিয়ার এই হাট এবারও জমজমাট হবে বলে প্রত্যাশা সবার।



