রবিউল হোছাইন বাবু :
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল কাশেমকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। রামুকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।
গত ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় পূর্ব মেরংলোয়া এলাকার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে আবুল কাশেমকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রামুকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, দীর্ঘদিন ধরে পূর্ব মেরংলোয়া এলাকায় ইয়াবা কারবার পরিচালনার অভিযোগ রয়েছে কাশেমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ ছিল, একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছিল সে।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন।
এদিকে রামু থানা পুলিশ জানিয়েছে, আটক আবুল কাশেমের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাকে উদ্ধার করা ইয়াবাসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা কাশেম গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকলে মেরংলোয়া এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
রামুকণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের পর প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।


