কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বোনসহ তিনজন।
সোমবার দুপুরে পারিবারিক একটি মামলার শুনানি শেষে কক্সবাজার আদালত থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন উখিয়ার হরিণমারা এলাকার দুই বোন—রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান দুই বোন।
দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। নিহত দুই বোনের ভাই কান্নায় ভেঙে পড়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে ছুটে বেড়াচ্ছেন। বারবার বোনদের খুঁজছেন, স্বজনদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন। তার সেই আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
রামু হাইওয়ে থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।
একটি পারিবারিক মামলার শুনানি শেষে বাড়ি ফেরার সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। মুহূর্তেই নিভে গেল দুই বোনের জীবন, আর হাসপাতালে স্বজনদের আহাজারিতে নেমে আসে শোকের ছায়া।


