কক্সবাজারের রামুতে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হতে গিয়ে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার গর্জনিয়া বাজার–নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্টসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন দাশ (৬৫) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই।
স্থানীয়রা জানান, নিরঞ্জন দাশ নাইক্ষ্যংছড়ি স্টেশন এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান। পরে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি ভেসে যান।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, চলমান ভারী বর্ষণে পাহাড়ধস ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়ার ঘটনায় কক্সবাজার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।


