কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী রামকুট তীর্থধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজনমহারামনবমী মেলা। আগামী ২৩ মার্চ ধর্মসভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হবে এবং ২৮ মার্চ পূণ্যাহতির মাধ্যমে শেষ হবে ছয় দিনব্যাপী এ আয়োজন।
এ বছরের মেলার আয়োজক শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদ। সম্প্রতি তীর্থধাম প্রাঙ্গণে পরিষদের সভাপতি বিজয় ধরের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক সম্পাদক উত্তম দেওয়ানজী জনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রনতোষ দত্ত। এছাড়াও উপদেষ্টা ডাঃ কেপি দাশ, মাস্টার সুনীল শর্মা, ডাঃ রবীন্দ্র শর্মা, অ্যাডভোকেট দীলিপ কুমার ধর ও অপূর্ব পাল বক্তব্য রাখেন।
আরও বক্তব্য দেন রতন দেওয়ানজী, প্রদীপ ভট্টাচার্য, সুশান্ত পাল বাচ্চু, রুপন ধর, সুজন শর্মা, প্রকাশ সিকদার, দোলন ধর ও উল্লাস ধর। সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি জানায়, ২৩ মার্চ ধর্মসভার মধ্য দিয়ে মেলার সূচনা হবে। ২৪ মার্চ অনুষ্ঠিত হবে অধিবাস, আর ২৫, ২৬ ও ২৭ মার্চ রামকুট তীর্থধামে আয়োজন করা হবে চব্বিশ প্রহরব্যাপী অহোরাত্র মহানামযজ্ঞ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে তীর্থধাম প্রাঙ্গণ মুখর থাকবে নানা আয়োজনে।
মেলার সার্বিক সাফল্য নিশ্চিত করতে এবং শ্রী শ্রী রামকুট তীর্থধামের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।